সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মিটিং করে নৌকায় ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-১ আসনে নৌকাপ্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে শোকজ করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ ইকরামুল কবির। গতকাল সকালে শামসুল হক টুকুর বরাবর ইকরামুল কবিরের স্বাক্ষরিত শোকজ চিঠি দেয়া হয়েছে।
চিঠিতে শামসুল হক টুকুকে নিজ বাসভবনে ১৪ ডিসেম্বর বাদ মাগরিব বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সেক্রেটারি, বেড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে নির্বাচনী মিটিং-এ নৌকা মার্কায় ভোট চাওয়া এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে তাদের অভিভাবকদের নৌকায় ভোট প্রদানে উদ্বুদ্ধ করার অভিযোগ তোলা হয়, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা ২০০৮ এর ১২ বিধির লঙ্ঘন। আপনার বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা ২০০৮ এ উল্লিখিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট আভিযোগ করা হয়েছে। ওই অভিযোগ বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে তা সরাসরি বা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে দুই কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। অন্যথায় ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশনের কাছে তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হবে। গত ১৮ ডিসেম্বর বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে মিটিং করে নৌকায় ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে নির্বাচনী অনুসন্ধান কমিটি এবং জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করেন পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক আবু সাইয়িদ।



