সংসদ নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে পক্ষে-বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের বিবদমান দুই-গ্রুপের মধ্যে আবারো অসন্তোয় দেখা দিয়েছে। এই অসন্তোষকে কেন্দ্র করে আবারো যেকোনো সময় সংঘর্ষে রূপ নিতে পারে। এ ব্যাপারে বাংলাদেশ স্থলবন্দর লীগ, বুড়িমারী স্থলবন্দর শাখার সভাপতি মো: সাজ্জাদ হোসেন গতকাল সোমবার দুপরে বুড়িমারীতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
সাজ্জাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ ও উৎসব মুখর করার জন্য স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেন। এতে যে কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অংশ নিতে পারবে। ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার প্রার্থীর পক্ষে অংশ নেন। নির্বাচনে ঈগল মার্কার প্রার্থী আতাউর রহমান প্রধান হেরে যান। পরে বিষয়টিকে হাতিয়ার হিসেবে সাধারণ শ্রমিকদের কার্যালয়টি দখল করে নেন পূর্বের সর্দাররা। ইতোপূর্বে বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই সর্দারদের সাথে সাধারণ শ্রমিকদের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় শ্রমিকরা পণ্য লোডআনলোড বন্ধ করে দিলে তৎকালীন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সরেজমিন বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করে শ্রমিক কাস্টম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা কাজে ফিরে যান।
সাজ্জাদ আরো বলেন, বর্তমানে সর্দাররা আবারো অবৈধভাবে কর্মকাণ্ড পরিচালনা করায় সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তাকে তার বাড়ি থেকে বের হতে দিচ্ছে না এমনকি বিভিন্ন হুমকি ধামকি প্রদান করা হচ্ছে। এতে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।



