ঢাকা-লালমনিরহাট রুটে চলাচলকারী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। ভুক্তভোগী স্কুলছাত্রী ভুল করে ট্রেনটিতে উঠেছিল। ধর্ষনের এ ঘটনায় ট্রেনটির অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে হাতেনাতে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানায় একটি মামলা করেছে পুলিশ। ধর্ষণের শিকার ও স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনের খ নম্বর বগির ৭ নম্বর কেবিনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রীর বাড়ি ময়মনসিংহে।

লালমনিরহাট জিআরপি থানা পুলিশের ওসি ফেরদৌস আলী জানান, রাতে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত ওই স্কুলছাত্রী লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। পরে ট্রেনে টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় কর্তব্যরত অ্যাটেনডেন্ট আক্কাছ গাজী মেয়েটিকে তার কক্ষে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সুযোগ বুঝে কেবিন ফাঁকা পেয়ে সকাল ৮টার দিকে মেয়েটিকে ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটির চেঁচামেচিতে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে আক্কাছ গাজীকে আটক করেন। তিনি জানান, ভুক্তভোগী মেয়েটির পরিবারের কাউকে না পেয়ে ধর্ষণের ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানার এএসআই রুহুল আমীন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় লালমনি এক্সপ্রেস ট্রেনের অ্যাটেনডেন্ট আক্কাছ গাজীকে গ্রেফতার দেখায় পুলিশ।
ওসি ফেরদৌস আলী আরো বলেন, ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারকেও খবর দেয়া হয়েছে। তারা থানায় এসে পৌঁছালে মেয়েটিকে তাদের হাতে তুলে দেয়া হবে।
গ্রেফতারকৃত আক্কাছ গাজী বরিশাল সদরের পাতাং এলাকার বাসিন্দা। তিনি লালমনিরহাট রেলওয়ের সেলুন বেয়ারা (ভারপ্রাপ্ত অ্যাটেনডেন্ট) ক্যারেজ অ্যান্ড ওয়াগান ডিপোতে কর্মরত ছিল।