ঘন কুয়াশা ও একাধিক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত থেমে থেমে যানজট সৃষ্টির প্রায় ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। ফলে যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং নির্বিঘেœ চলাচল করছে পরিবহন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো: সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভোর ৫টা থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি ও ধীরগতিতে গাড়ি চলাচল করতে দেখা যায়। মহাসড়কের ৭ নম্বর ব্রিজে পণ্যবাহী একটি ট্রাক বিকল ও ১২ নম্বর ব্রিজের কাছে বাস-পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘন কুয়াশা ও এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণে সড়কের পৃথক স্থানে দু’টি ঘটনা ঘটে। ফলে সেতু পূর্ব থেকে এলেঙ্গা থেকে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে এক ঘণ্টার মতো গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকে। এ সময় ঢাকা ও উত্তরবঙ্গগামী দূরপাল্লার কিছু কিছু যানবাহনের চালক বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক জেলা মহাসড়ক ব্যবহার করেন। চালক ও যাত্রীরা জানান, কুয়াশার কারণে পৃথক স্থানে দু’টি ঘটনা ঘটে। ফলে ঘটনার পর থেকে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছিল। এতে শীতে অনেক ভোগান্তিতে পড়তে হয়। পরে বেলা বৃদ্ধির সাথে সাথে যানবাহন চলাচলের চাপও কমে আসে। এ সময় ঘন কুয়াশায় মহাসড়কে তীব্র যানজট ও দুর্ঘটনারোধে পুলিশ সদস্যদের কাজ করতে দেখা যায়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) পলাশ ঘোষ জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে সকালের দিকে ৭ নম্বর ব্রিজে ট্রাক বিকল ও ১২ নম্বর ব্রিজে বাস-পিকআগের সংঘর্ষের ঘটনা ঘটে। রেকার দিয়ে এগুলো সরাতে কিছু সময় লেগে যায়। যার কারণে যানবাহনের দীর্ঘ সারি দেখা দেয়।