লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশী যুবক রবিউল ইসলাম টিকলুর (৩৪) লাশ ফেরত দিয়েছে বিএসএফ। রোববার রাত ১১টা ৪৫ মিনিটে তার লাশ হস্তান্তর করে।
বিজিবি জানিয়েছে, সীমান্তের প্রধান পিলার ডিএমপি ৭ এর উপ-পিলার ৩১ হতে ৫০ গজ অভ্যন্তরে ভারতের তিনবিঘা করিডোর দিয়ে রবিউলের লাশ হস্তান্তর করা হয়। পরে নিহতের বড়ভাই আমিনুর রহমানকে টিকলুর লাশ বুঝিয়ে দেয়া হয়। হস্তান্তরের সময় বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান আমান, পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অর্জুন কোম্পানি কমান্ডার গোপাল কৃষ্ণ পাণ্ডে, তিনবিঘা বিএসএফ ক্যাম্পের কমান্ডার শমসের সিং, কুচলিবাড়ি থানার ওসি অজয় রায় এবং দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে রোববার ভোরে ভারতের অর্জুন ক্যাম্পের টহল বিএসএফ সদস্যদের গুলিতে টিকলু নিহত হন। পরে তার লাশ বিএসএফের সহায়তায় মেকলিগঞ্জ থানা পুলিশ নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন বেলা সাড়ে ১১টায় সীমান্তের ডিএমপি ১ নম্বর প্রধান পিলারের ৭ নম্বর উপ-পিলারের নিকট আঙ্গোরপোতা শূন্য রেখায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বিজিবি জানায়, বিএসএফের গুলিতে নিহতের ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করে। ভবিষ্যতে আর এ রকম হবে না বলে তারা জানায়। পরবর্তীতে রবিউলের লাশ কোচবিহার হাসপাতালে ময়নাতদন্ত করে রাতে ফেরত দেয় বিএসএফ।