পিরোজপুরের নেছারবাদ উপজেলার আটঘর কুরিয়ানার সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার হত্যা মামলার প্রধান আসামি আটঘর কুরিয়ানা ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার ও তার সহযোগীদেরসহ আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। গতকাল দুপুরে পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মালা রানী মণ্ডল বাদি হয়ে ১৫ জনকে আসামি করে নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার পরপরই অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- শঙ্কর সরকার, বাবুল হাওলাদার, তাপস মজুমদার ও স্বাধীন হালদার। এ ছাড়া দুপুরে র‌্যাব-৮-এর উপ পরিচালক মো: রবিউল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব অভিযান চালিয়ে এ হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারসহ তার সহযোগী সুষময় হালদার, জালিস মাহমুদ ও আমিনুল ইসলামকে বাগেরহাটের মোল্লাহাট এলাকা থেকে গ্রেফতার করে।
জানা যায়, পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দাওয়াত কার্ডে ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের নাম না থাকা নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার সাথে বিরোধের সৃষ্টি হয়। এতে গত মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার লোকজন নিয়ে কুরিয়ানা বাজারে শেখর কুমার সিকদারের দোকানের কাছে এসে তার ওপর হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত শেখর কুমার সিকদারকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের মামলার পালতক অন্যান্য আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আছে।