সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে স্বামী, স্ত্রী ও মেয়ে খুন হয়েছেন। গত মঙ্গলবার ভোরে বারোয়ারী বটতলা মহল্লার নিজ বাড়ি থেকে স্বামী বিকাশ সরকার, স্ত্রী স্বর্ণা সরকার ও তাদের মেয়ের পারমিতা সরকা তুষির লাশ উদ্ধার করে পুলিশ। একই পরিবারের তিনজনের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এই ট্রিপল মার্ডারের ১২ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন করেছে পুলিশ। ওই দিনই নিহত বিকাশ সরকারের বোনের ছেলে রাজিব ভৌমিক (৩৫) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্পষ্ট হয়েছে। পুলিশের কাছে স্বীকারাক্তিমূলক জবানবন্দীও দিয়েছে আটক রাজিব। সে বলেছে, মামার সাথে মোটা অঙ্কের ব্যবসায়িক লেনদেনের কারণে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
গতকাল বিকেলে সিরাজগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুল ইসলাম মণ্ডল। তিনি জানিয়েছেন, ওই তিনটি হত্যাকাণ্ড খুনি রাজিব ভৌমিক একাই ঘটিয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর শহরের বারোয়ারী বটতলা মহল্লার নিজ বাড়ি থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি তিন লাশ ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পরে ওইদিন রাতেই স্বর্ণা সরকারের বড় ভাই সুকমল চন্দ্র সাহা বাদি হয়ে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ দিকে গতকাল সকালে নিহতের মা ও ভাইয়ের সাথে দেখা করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার। এর আগে একই দিন সকাল ১০টার দিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিলন কান্তি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাগ, সাংগঠনিক সম্পাদক সাগর হাওলাদার, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক বিপ্লব দে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তাড়াশে ভাগ্নের হাতে একই পরিবারের ৩ জন খুন
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে স্বামী, স্ত্রী ও মেয়ে খুন হয়েছেন। গত মঙ্গলবার ভোরে বারোয়ারী বটতলা মহল্লার নিজ বাড়ি থেকে স্বামী বিকাশ সরকার, স্ত্রী স্বর্ণা সরকার...



