বাজারে গিয়ে অন্যের কাছে নিজের মেয়ের নামে কটু কথা শুনে বাড়িতে এসে মেয়েকে পিটিয়ে মেরে ফেলেছেন এক বাবা। এমন ঘটনা ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাতি গ্রামে। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, কাঠের চলা দিয়ে মেয়েকে আঘাত করলে তাৎক্ষণিক জ্ঞান হারান পাখি। এরপর স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় লাশ ফেলে রেখে চলে যায় স্থানীয়রা।
পাখি মৌরাট ইউনিয়নের তেলিগাতি গ্রামের কালাম মিয়ার মেয়ে। পাখির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ঘাতক বাবা কালাম মিয়াকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পাংশা থানার সেকেন্ড অফিসার এস আই তারিকুল ইসলাম।
সরেজমিন গিয়ে জানা যায়, পাখি মৌরাট ইউনিয়নের বাগদুলী উচ্চবিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী ছিলেন। স্থানীয় এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। যে বিষয়টি নিয়ে তার বাবাকে জানানো হয়। এসময় মেয়ের চরিত্র নিয়েও আজেবাজে কথা বলা হয়।
মেয়ের সম্পর্কে কটু কথা শুনে বাড়িতে ফিরে প্রথমে মেয়ের মাকে মারধর করেন কালাম মিয়া। এরপর মেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকেও পেছন থেকে ঘাড়ে আঘাত করেন বাবা।
বাবার আঘাতে মেয়ের মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত পাখির বাড়িতে চলছে শোকের মাতম।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন মজুমদার বলেন, ‘হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের বাবাকে আটক করা হয়েছে।’



