ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার বিকেলে বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সবধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নিমিত্তে তিন মাসের ছুটিতে পাঠায়। বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল মনসুরের কাছে রেজিস্ট্রার দফতর থেকে আসা চিঠিতে এমন তথ্য জানানো হয়েছে। চিঠিতে পরবর্তী সিন্ডিকেট সভায় অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠনসহ অন্যান্য পদক্ষেপ নেয়ার কথাও জানানো হয়।
এর আগে, ওই শিক্ষকের শাস্তির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মতো বিভাগের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা নাদির জুনাইদের কক্ষ ও বিভাগের চারটি কক্ষ সিলগালা করে ভিসির কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা তিন দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে দেন।
স্মারকলিপিতে অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখতে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করা; যৌন নিপীড়ককে দ্রুততম সময়ের মধ্যে শান্তির আওতায় আনা এবং তদন্ত চলাকালে বা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অভিযুক্ত শিক্ষককে বিরত রাখার দাবি জানানো হয়।
প্রসঙ্গত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের ইচ্ছে করে ফলাফলে ধস নামিয়ে দেয়ার অভিযোগে ওই ব্যাচের ২৮ জন শিক্ষার্থী ভিসিকে লিখিত অভিযোগ দেয়ার পর থেকেই একের পর এক অভিযোগ আসছিল অভিযুক্ত শিক্ষক নাদির জুনাইদের বিরুদ্ধে।