ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীদের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মধুর ক্যান্টিনে শেখ ইনানের সামনেই এই ঘটনা ঘটে বলে জানা যায়। বৃহস্পতিবার রাতে জগন্নাথ হলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার জেরে গতকাল আবার এমন ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের অনুসারীদের সাথে ঢাবি সাধারণ সম্পাদকের অনুসারীদের জগন্নাথ হলে একটি ঝামেলা হয়। এই ঘটনার জন্য মধুর ক্যান্টিনে গতকাল কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কাছে সৈকতের অনুসারীরা বিচার দিতে গেলে তার সমর্থকরা আবারো সৈকতের অনুসারী পলাশ ও অপূর্বসহ কয়েকজকে মারধর করে।
জগন্নাথ হল ছাত্রলীগের তানভীর হাসান সৈকতের অনুসারী পলাশ রায় সৌরভ বলেন, বৃহস্পতিবার রাতে জগন্নাথ হলের প্রোগ্রামে জুনিয়রদের মধ্যে একটা ঝামেলা হয়, সেই ঝামেলাটা সিনিয়রদের মধ্যেও ছড়িয়ে যায়। তখন ক্যান্ডিডেটদের মধ্যে একজন ইনান ভাইয়ের গ্রুপে চলে আসে। এটা নিয়ে একটু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর যখন আমরা আমাদের নেতাকে বিদায় দিয়ে ফিরতেছিলাম, তখন ইনান ভাইয়ের সমর্থকরা আমাদের ওপর অতর্কিত হামলা করে। এই হামলায় আমাদের এক ক্যান্ডিডেটের মাথা ফেটে যায় এবং তার মাথায় ১৪টা সেলাই লাগে। এজন্য আমরা ১৫-২০ জন দুপুর পরে ওই ঘটনার সম্পর্কে ইনান ভাইকে জানাতে এবং বিচার দিতে গেলে তার সমর্থকরা আবার আমাদের ওপর হামলা করেছে। তারা একদম অতর্কিত হামলা করেছে। এ সময় আমাদের দুইজন জুনিয়রের হাত কেটে যায়। এটা তারা ইনান ভাইয়ের উপস্থিতিতেই করেছে। উনি মধুর ক্যান্টিনের ভেতরে চেয়ারে বসা ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সরস্বতী পূজা উপলক্ষে জগন্নাথ হলে আয়োজিত কনসার্টে মমতাজের গান শেষ হওয়ার পর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত চলে যাওয়ার সময় হল কমিটির পদপ্রার্থী ও ইনানের অনুসারী গণেশ ঘোষের সাথে ধাক্কা লাগে। পরে এ বিষয়ে সৈকতের কাছে ক্ষমা চায় গণেশ। কিন্তু ছাত্রলীগের নেতারা চলে যাওয়ার পর হল মাঠে ইনানের গ্রুপ ও সৈকতের গ্রুপের সাথে সংঘর্ষ হয়। এ সংঘর্ষ দফায় দফায় হয়। রাত ৪টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জনের মতো আহত হন। সৈকতের অনুসারী ও কমিটির পদপ্রার্থী অপূর্ব চক্রবর্তী মারাত্মক আহত হন। এ ঘটনার সূত্র ধরেই গতকাল আবারো দুই পক্ষের সংঘর্ষ হয়।



