ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে খ ইউনিটভুক্ত ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের অন্য সাতটি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: নিজামুল হক ভূইয়াসহ সংশ্লিষ্টরা সামাজিক বিজ্ঞান ভবনের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই ভর্তি পরীক্ষায় ঢাকাসহ দেশের অন্য সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২,৯৩৪ টি আসনের বিপরীতে ১,১২,২৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যথাযথভাবে নিয়মনীতি অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যেকোনো প্রতারক চক্রের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা অবলম্বন করার জন্য অভিভাবক, পরীক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি ভিসি আহ্বান জানান। অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজকেও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ, গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে অনুরোধ জানান। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মতোই এই ইউনিটেও সারা দেশে লক্ষাধিক ভর্তি পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এদিকে ঢাকা বিশ^বিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) বিভিন্ন ইউনিটভিত্তিক চট্টগ্রাম অঞ্চলের ভর্তি প্রার্থীদের ভর্তি পরীক্ষা গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে। ঢাবি ‘খ’ ইউনিটভুক্ত কলা, আইন ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা ৩০মিনিট পর্যন্ত চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার এবং প্রোভিসি (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। এ সময় খ-ইউনিট ভর্তি কমিটির চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের কো-অর্ডিনেটর চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ-ইউনিট চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আবদুর রাজ্জাক খান ও ড. সাইফুল হক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক অদিতি সবুর ও ড. ইশরাত জাহান খান এবং দর্শন বিভাগের সহকারী অধ্যাপক অরিনা খাতুন জিনিয়া, চবি বিভিন্ন অনুষদের ডিন, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, প্রক্টর ও সহকারী প্রক্টর, বরিষ্ঠ শিক্ষক, সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।