গোপালগঞ্জের কোটালীপাড়ায় চিকিৎসকের অবহেলায় আফরোজা বেগম (২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুয়াগ্রাম ইউপি নারায়ণখানা বাজারে ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে প্রশাসন এবং জাহিদ খান, রানু বেগম ও ডা: প্রভাষ মণ্ডলসহ তিনজনকে আটক করছে থানা পুলিশ। নিহত প্রসূতি উপজেলার কালারবাড়ী গ্রামের জাহিদ খানের স্ত্রী। জানা যায়, গত বৃহস্পতিবার সকালে সিজারিয়ান অপারেশনের জন্য তাকে ওই হাসপাতালে ভর্তি করে শ্বশুরবাড়ির লোকজন। বিকালে হাসপাতালের প্রতিষ্ঠাতা কথিত সার্জন ডা: জাহিদ হাসান রিন্টু ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: প্রভাষ মণ্ডল সার্জারির কাজ শুরু করলে অপারেশন টেবিলেই গর্ভের সন্তানসহ মৃত হয় আফরোজার। বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হলে শুক্রবার বিকেলে হাসপাতালটি সিলগালা করে জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন।
কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) ফয়েজ আহম্মেদ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, ৩ জনকে গ্রেফতার করে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।