পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (১৪) নামে এক মাদরাসাশিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার সোনাহার ইউনিয়নের দেবীগঞ্জ-সোনাহার সড়কে এ দুর্ঘটনা হয়।
নিহত রবিউল ইসলাম সোনাহার পাঠান পাড়া এলাকার বাবলু ইসলামের ছেলে। সে সোনাহার দাখিল মাদরাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলামের দুলাভাই তাদের বাসায় বেড়াতে আসে। বাসার আশপাশে ঘুরাঘুরির কথা বলে সে তার দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে দেবীগঞ্জ-সোনাহর সড়কে চালানোর জন্য আসে। এ সময় চেয়ারম্যান পাড়া এলাকায় দ্রুতগতিতে মোড় ঘুরাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় রবিউল। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রবিউলের মৃত্যু হয়। সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।
বাসস জানিয়েছে, জেলার মির্জাপুরে গতকাল বালুভর্তি একটি ট্রাকের ধাক্কায় আটোরিকশায় থাকা দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার চান্দুলিয়া এলাকার উজ্জল মিয়া ও কদিম দেওহাটা এলাকার সুশান্ত বাকালী। এদের মধ্যে উজ্জল মিয়া অটোরিকশাচালক ও সুশান্ত বাকালী অটোরিকশার যাত্রী।