সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া সুন্দরবন উপকূলীয় খুলনার কয়রা পরিদর্শন করেছেন। গতকাল সকাল ৮টায় তিনি হেলিকপ্টারে করে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ির নয়নী মাঠে পৌঁছান। সুন্দরবন উপকূলীয় কয়রা উপজেলার কয়েকটি স্থান পরিদর্শনের লক্ষ্যে তার এ সফর।
এদিকে তার আগমনকে ঘিরে উপকূলীয় এ উপজেলাটিকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেয়া হয়েছে। ৫০০ স্থানে ১৬ শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে। দু’টি হেলিপ্যাড স্থাপন করা হয়েছে। প্রিন্সেসের পরিদর্শনের জন্য নির্দিষ্ট ছয়টি স্থানেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জানা যায়, পর্যায়ক্রমে তিনি মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ, মহারাজপুর ইউনিয়ন পরিষদ ও মদনাবাদ ডিপোস্ট উপজেলার ছয়টি স্থান পরিদর্শন শেষে বেলা ১২টায় কপোতাক্ষ কলেজ মাঠে পৌঁছান। এরপর হেলিকপ্টারে করে কয়রা ত্যাগ করেন।
মূলত সংক্ষিপ্ত সময়ে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দু’টি এলাকা পরিদর্শন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় লোকজনের জীবনমান নিজ চোখে দেখা, লিঙ্গ সমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তর কার্যক্রম নিজ চোখে দেখা, মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি নিবদ্ধ করে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি এবং চলমান কয়রার দুর্যোগকবলিত চ্যালেঞ্জগুলো পরিদর্শন করেন।
এ ব্যাপারে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, রাষ্ট্রীয় অতিথির কয়রায় আগমন উপলক্ষে ৫০০ স্থানে ১৬ শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফীন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার গতকাল সুন্দরবন উপকূলীয় কয়রার কয়েকটি স্থান পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেন।