ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া শুক্রবার রাত পৌনে ৪টায় ইন্তেকাল করেছেন। রাত ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে ভোর পৌনে ৪টায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। গতকাল শনিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তারা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের পর তার সহকর্মী, বন্ধুবান্ধব, শিক্ষার্থী, কর্মচারীসহ নানা শ্রেণী-পেশার মানুষ তাকে শ্রদ্ধা ও অশ্রুসিক্ত বিদায় জানায়। ঢাবির কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম ও খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন তার জানাজার নামাজে ইমামতি করেন।
নামাজে জানাজায় উপস্থিত মুসল্লিদের পৃরতি আহ্বান জানিয়ে অধ্যাপক জিয়া রহমানের ভাই বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে চলতে ফিরতে আমার ভাই কারো সাথে খারাপ আচরণ বা কারো সাথে মনোমালিন্য হলে সবাইকে ক্ষমা করে দেয়ার জন্য অনুরোধ করছি। এ ছাড়া জীবদ্দশায় তিনি যদি কারো কাছ থেকে কোনো ঋণ করে থাকেন তাহলে আমাদের জানানোর অনুরোধ রইল, আমরা তা পরিশোধের চেষ্টা করবো। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ উনাকে মাফ করে দেন এবং জান্নাত নসিব করেন।
ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, অধ্যাপক জিয়া রহমান আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন। তিনি আজকে আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি নিরহঙ্কারী ছিলেন। যেকোনো বিষয়ে তিনি সহজ সমাধান দিতেন। তিনি শুধু ক্লাসে নয় বরং বিশ্ববিদ্যালয়ের ভালো মানের একজন একাডেমিশিয়ান ছিলেন। তার এভাবে চলে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি এবং পরিবারের সদস্যরা যেন এই শোক সইতে পারে সেই প্রার্থনা করি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, প্রোভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রোভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড মমতাজ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, হল প্রাধ্যক্ষবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
বাদ আসর মিরপুরে তার নিজ বাড়ির পাশের মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির শ্রদ্ধা
অধ্যাপক ড. জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: মশিউর রহমান। গত শনিবার জোহরের নামাজের পর জানাজা নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে জিয়া রহমানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভিসি ড. মশিউর রহমান।
পরে এক শোকবার্তায় ভিসি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।