লালমনিরহাটের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোরুলী চন্দ্র রায় (৪৩) নামে এক বাংলাদেশী নিহত ও আরো দু’জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে জেলার কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলারের এক শ’ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। মোরুলী চন্দ্র রায় কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। আহতরাও একই এলাকার চন্দ্রপুর গ্রামের নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৪২) ও আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩৫)।
জানা গেছে, শুক্রবার রাতে চার-পাঁচজন ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলার এলাকা যান। রাখালরা গরু নিয়ে ওই সীমান্ত দিয়ে ফেরার পথে ভারতের এক শ’ গজ অভ্যন্তরে কোচবিহার জেলার সিতাই থানার ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের চিত্রাকোট ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তিন বাংলাদেশী রাখাল গুলিবিদ্ধ হয়ে আহত হন। বাকি রাখালরা আহতদের টেনে হেঁচড়ে বাংলাদেশ অভ্যন্তরে নিয়ে এলে পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে পাঠান। উন্নত চিকিৎসার জন্য আহত মোরুলী চন্দ্রকে রংপুরে নেয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ নিহত রাখাল মোরুলী চন্দ্রের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাকি দু’জনকে তাদের পরিবার বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন।
এ বিষয়ে জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেনের মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি।
কালীগঞ্জ থানা ওসি ইমতিয়াজ কবির বলেন, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।