গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে অশোক মন্ডল (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অশোক মন্ডল উপজেলার জাঠিয়া গ্রামের মৃত কালাচাঁদ মন্ডলের ছেলে। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
অশোক মন্ডলের মা উর্মিলা মন্ডল বলেন, রোববার (২২ এপ্রিল) রাত দশটার দিকে ঘুমিয়ে পড়ি, তখন আমার ছেলে অশোক মন্ডল ও ছোট ছেলে অসীম মন্ডল দুজনেই ঘরে বসে টিভি দেখছিল, পরক্ষণে ছোট ছেলে অসীম মন্ডলের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়, আমি দৌড়ে গিয়ে দেখি বড় ছেলে অশোক মন্ডলের গলাকাটা লাশটি নিয়ে ছোট ছেলে অসীম মন্ডল কান্নাকাটি করছে ।
সাথে সাথেই আমরা অসীম মন্ডলকে নিয়ে কোটালীপাড়া হাসপাতালের দিকে যাওয়ার উদ্দেশ্যে বের হলে তখনই সে মারা যায় । তারাশিকরামের ব্যবসায়ী হরিচাঁদ মন্ডল বলেন, অশোক মন্ডল আমার চাচাতো ভাই। সে একজন সহজ-সরল প্রকৃতির মানুষ ছিল। আমার জানা মতে, তার কোনো শত্রু ছিল না। তবে সে মাঝেমধ্যেই একটু আধটু নেশা করত।
এ বিষয়ে কোটালীপাড়ার থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ইতোমধ্যেই আমরা অশোক মন্ডলের হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত শুরু করেছি। শিগগিরই আমরা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে পারব। অশোক মন্ডলের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জে পাঠানো হয়েছে ।