চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদনের দুই নম্বর মেশিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মূল্যবান মেশিনারি ও উৎপাদিত কাগজ পুড়ে এবং পানিতে ভিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মিল সূত্রে জানা গেছে।
জানা যায়, শুক্রবার রাত ১টায় মিল চালু অবস্থায় আকম্মিক আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন নিয়ন্ত্রণে মিলের অভ্যন্তরীন নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
শ্রমিকরা জানান, আগুনে কাগজ উৎপাদনের মূল সহায়ক দুই নম্বর মেশিনের বেল্ড, উৎপাদিত কাগজ, কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে গেছে। এ ছাড়াও আগুন নেভানোর কাজে পানি ব্যবহার করায় বিপুল পরিমাণ কাগজ নষ্ট হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণে মিল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।
কেপিএমের সিবিএ সভাপতি মো: আব্দুর রাজ্জাক বলেন, আগুনে উৎপাদিত কাগজ ও কিছু মেশিনারি পুড়ে গেছে। শ্রমিক-কর্মচারী ও কর্মকতাদের আন্তরিকতায় গতকাল শনিবার থেকে আবারো মিলে উৎপাদন সচল হয়েছে।
কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা দু’টি মেশিনের ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়েছে।