খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কার্বারিপাড়ায় ইউপিডিএফ সংগঠক জুনেল চাকমাকে (৩১) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে বাড়িতে প্রবেশ করে তাকে হত্যা করা হয়। তিনি দীঘিনালা সদরের আমতলী গ্রামের তপ্ত কাঞ্চন চাকমার ছেলে।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, জুনেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন। সম্প্রতি গণতান্ত্রিক যুবফোরাম থেকে ইউপিডিএফের সাথে যুক্ত হন। হত্যাকাণ্ডের সময় জুনেল চাকমা কাঙারীমা ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। এ ঘটনার জন্য জনসংহতি সমিতি (এমএন লারমা) ও নব্যমুখোশধারীদেরকে দায়ী করে হত্যার বিচার দাবি করেছে ইউপিডিএফ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক জানান, হত্যার খবর শুনে লাশ উদ্বারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আনার পর বিস্তারিত বলা যাবে।