কুমিল্লার দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছেড়েছেন এক নেতা । কামরুজ্জামান মাসুদ নামের ওই নেতা ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। একই সাথে তিনি ফতেহাবাদ ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান।
শনিবার দুপুরে তার নিজ বাসভবনে দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করলেও, দল থেকে কখনো তার স্বীকৃতি পাইনি। দল আমাকে নৌকা প্রতীক দেয়নি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি কখনোই ছাত্র-জনতার বিপক্ষের লোক নই। গত ৪ আগষ্ট দেবিদ্বার সদরে কি হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতারা ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। তারা আমাকে বলেছেন নিহতদের স্মরণে শোক র্যালি হবে। সেখানে গিয়ে দেখলাম ছাত্র-জনতার সাথে তারা সংঘর্ষে জড়িয়েছে। এই ঘটনায় আমি খুবই বথ্যাথিত এবং লজ্জিত।
তিনি আরো বলেন, দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে মামলা-হামলা ছাড়া কিছুই পাইনি। সব কিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি। দলের কারণে আমি আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছি। তাই স্বেচ্ছায় স্ব-জ্ঞানে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ সব পদ থেকে পদত্যাগ করলাম। আমি বাকি জীবন মানব সেবায় নিয়োজিত থাকতে চাই। এ সময় তার পরিবারের সদস্যরা ছাড়াও বেশ কয়েকজন শুভাকাক্সক্ষী উপস্থিত ছিলেন।



