কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের দুইজন শিশু ও একজন নারী।
গতকাল রোববার ভোর রাতে উপজেলার শিলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঢালারমুখ সেগুন বাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সেগুনবাগিচা এলাকার প্রবাসী সরওয়ার হোসেনের শিশুকন্যা তোহা (৮), ময়না (১৩) ও স্ত্রী মমতাজ বেগম (৪২)। প্রতিবেশী ও নিহত মমতাজ বেগমের বোন শারমিনা জানান, ভোর রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই, পরে বোনের বাসায় গিয়ে দেখি ইটের দেয়াল ও মাটি চাপা পড়া অবস্থায় মমতাজ বেগমের চেহারা দেখা যায়। পরে স্থানীয়রা এসে আমার বোনসহ তিনজনের লাশ উদ্ধার করে।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বসতবাড়ির পেছনে বিশাল একটি পাহাড়ের একাংশ সেমিপাকা বসতঘরে আছড়ে পড়ে, এ সময় ঘরের কংক্রিটের দেয়াল ও মাটি চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় দুই শিশুসহ এক মহিলার মৃত্যু হয়।
টানা কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পাহাড় ধসে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।