লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পারিবারিক কলহের জেরে একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মেস্তুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ছকিনা বেগম (৪০), তার ছেলে মাহিন (৭), নাতনি ফারিয়া আক্তার (৫)। হত্যা করে পালানোর সময় স্থানীয়রা ঘাতক রিপনকে (২৬) আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার সিডু মেস্তুরির গ্রামের বাড়ি ভোলায়। সেখানে প্রথম বিয়ে করেন। ওই সংসারে রয়েছে দুই ছেলে। পরে ভোলা থেকে এসে লক্ষ্মীপুরের রামগতির চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এসে দ্বিতীয় বিবাহ করেন। এ সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় প্রথম স্ত্রীর খোঁজ খবর নেয়া বন্ধ করে দেন। উল্টো প্রথম স্ত্রীর বসবাসকৃত বাড়িটি গোপন বিক্রি করে দেন সিডু মেস্তুরি। এর জের ধরে প্রথম সংসারের ছেলে রিপন ভোলা থেকে তিন দিন আগে বেড়াতে আসেন রামগতিতে। তিন দিন স্বাভাবিকভাবে চলাফেরা করে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথমে সৎমাকে গলা কেটে হত্যা করেন। ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই ও ভাগনিকেও গলা কেটে হত্যা করে রিপন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যায়। স্থানীয়রা ঘাতক রিপনকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে গলা কেটে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। খুনিকে আটক করা হয়েছে এবং হত্যা মামলা হয়েছে।