ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতুর পশ্চিম পাশের ঢালে গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালগিরি গ্রামের চেয়ারম্যান বাড়ি এলাকার জাহিদ হোসেন জিতু (২৩) ও মোটরসাইকেলচালক তানভীর আহম্মেদ রনি (২৬)। তারা দু’জন সম্পর্কে খালাতো ভাই এবং দু’জনই ঢাকা কলেজের ছাত্র। প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতুর পশ্চিম পাশে গজারিয়া অংশের ঢালে অজ্ঞাত গাড়ির চাপায় তারা নিহত হন। রাস্তায় পড়ে থাকতে দেখে কয়েকজন লোক তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদ হোসেনের বাবা দুলাল মিয়া বলেন, ঢাকা থেকে মোটরসাইকেলে সন্ধ্যায় তারা গ্রামের বাড়ির উদ্দেশে বের হন। আমি তাদের নিষেধ করেছিলাম তারা শোনেনি। রাত ১০টার দিকে খবর পেলাম সড়ক দুর্ঘটনায় দু’জনই মারা গেছে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, তারা একটি গাড়িকে ওভারটেক করে সামনে আগাতে চাইলে পেছন থেকে আরেকটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। লাশ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার বটতল এলাকায় ট্রাকের ধাক্কায় ফারজানা জান্নাত মুনতাহা (৮) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মুনতাহা বায়েজিদ থানার মাইজপাড়া এলাকার আবুল হাসেমের মেয়ে।
বায়েজিদ বোস্তামি থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান, হাটহাজারী-চট্টগ্রাম সড়কের ট্যানারি বটতল এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে রাসায়নিকবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা মুনতাহা নামে শিশুটি ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।