নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালনা বোর্ডের সদস্য প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার আলদীন।

চেয়ারম্যান আনোয়ার আলদীন এক শোক বার্তায় শনিবার আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আলমগীর মহিউদ্দিন আজ দুপুর দেড়টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চার বছর আগে তার স্ত্রী মারা গেছেন।

নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।