নওগাঁর রাণীনগরে সাড়ে চার লিটার চোলাইমদসহ এলাকার আলোচিত মাদক কারবারি মিন্টু বেপারীকে (৫৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পারইল এলাকা থেকে তাকে আটক করা হয়। মিন্টু পারইল গ্রামের খয়বর বেপারীর ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন আকন্দ বলেন, পারইল এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম মঙ্গলবার রাত অনুমান সোয়া ১১টায় অভিযান পরিচালনা করেন। এ সময় মিন্টুকে সাড়ে চার লিটার চোলাইমদসহ পারইল লসকরের মোড় থেকে আটক করে। আটক মিন্টুর বিরুদ্ধে রাণীনগর থানায় পাঁচটির অধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।