রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্টে সাবিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রবিউল্ল্যা বেপারী পাড়ায় এ ঘটনা ঘটে। গৃহবধূর স্বামীর নাম মাসুদ বেপারী। তিনি ওই গ্রামের মৃত তাইজদ্দিন বেপারীর ছেলে। মাসুদ গোয়ালন্দ বাজার আড়ৎপট্টি এলাকার একজন ব্যাবসায়ী। সংসারে তাদের একটি ছেলে ও দুটি মেয়ে সন্তান রয়েছে।

মাসুদের মামা ও স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম মন্ডল জানান, বেলা ১২ টার দিকে তার ভাগ্নের বৌ সাবিনা বাড়ির গরুর ঘরে যায় গরুর খাবার দিতে। এ সময় তিনি ওই ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর মাসুদ ও তার ছেলে গরুর ঘরে গিয়ে সাবিনাকে মাটিতে পড়ে থাকতে দেখে। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার উদ্যোগ নেয়। কিন্তু তার মৃত্যু নিশ্চিত হওয়ায় আর হাসপাতালে নেয়া হয়নি।

বাদ আছর নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।