গাজীপুরে ফাঁসিতে ঝুলে শ্যামল (১৪) নামে ৭ম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

মঙ্গলবার সকালে পুলিশ উত্তর খাইলকৈর আমিন উদ্দিনের বাড়ির একটি রুম থেকে শ্যামলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। শ্যামল স্থানীয় কবি নজরুল একাডেমির ৭ম শ্রেণীর ছাত্র।

শ্যামল বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার চরশিবপুর গ্রামের সৌদি প্রবাসী আবুল হোসেনের ছেলে। ওই বাড়িতে তারা দীর্ঘ দিন ধরে ভাড়া থাকে।

নিহত শ্যামলের মা সমলা বেগম জানান, শ্যামল বারান্দার রুমে ভেতর থেকে সিটকিনি আটকে ঘুমিয়ে ছিল। সকালে স্কুলে যাওয়ার জন্য তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজনের সহায়তায় দরজার সিটিকিনি ভেঙ্গে ভেতরে প্রবেশ করি। এ সময় শ্যামলের লাশ ঘরের আঁড়ার সাথে নাইলন জাতীয় কাপড়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে খবর দিলে গাছা থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে।

গাছা থানার এসআই মো: রাজীব হোসেন জানান, তারা লাশটি ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পেয়েছেন। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।

বাড়ির মালিক আমিন উদ্দিন জানান, একমাত্র ছেলে ও একমাত্র মেয়েকে নিয়ে শ্যামলের মা সাড়ে তিন বছর ধরে এখানে ভাড়া থাকেন। শ্যামলের বাবা ও ভগ্নিপতি বিদেশে থাকেন।