দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে অন্যান্য মামলা ও অভিযানে গ্রেফতার হয়েছেন আরো ১ লাখ ৪১ হাজার ৬২৮ জন। সব মিলিয়ে বিশেষ অভিযান ও অন্যান্য মামলায় মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ এবং ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০ হাজার ৩০০টি চকলেট বাজিও উদ্ধার করা হয়।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১৫৩টি পিস্তল, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলবার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, সাতটি শটগান, সাতটি রাইফেল, তিনটি এসএমজি, ১২টি এয়ারগান ও একটি পেনগান।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশী মদ, ৫৬০ বোতল দেশী মদ এবং ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা। এছাড়া মাদক ও মাদকজাতীয় অন্যান্য দ্রব্যও উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৪ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।