গাজীপুর মহানগর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে মুক্তিযুদ্ধবিষয়ক দুই দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে। গতকাল সকালে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কনফারেন্স হলে সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
বাউবির ভিসির পক্ষে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গবেষণা, সেমিনার ও সিম্পোজিয়ামসহ বিভিন্ন জ্ঞানচর্চামূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আসছে বাউবি। বর্তমান প্রশাসন এসব কার্যক্রম আরো জোরদারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যতে ‘বাংলাদেশ স্টাডিজ’ অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে।
সেমিনারে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাফসান মাহমুদ। প্রথম দিনের সেমিনারে ছয়জন গবেষক মুক্তিযুদ্ধবিষয়ক তাদের গবেষণার বিষয় ও ফলাফল উপস্থাপন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক ও গবেষকরা অংশ নেন।



