সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে ১২ বছর ধরে চলা আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন আহ্বায়ক শরিফুল হাসান শুভ।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে দুধ দিয়ে গোসল করে কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেন তিনি। চাকরির বয়সসীমা ৩২ করা সংক্রান্ত গেজেট এবং ৫১ সদস্যবিশিষ্ট কমিটির কপি দুধে চুবিয়ে তা দিয়ে গোসল করেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের এই আহ্বায়ক।
গোসলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে শরিফুল হাসান শুভ বলেন, আমরা দীর্ঘ ১২ বছর আন্দোলন করেছি। কেউ আমাদের কথা শোনেনি, চাকরির বয়স বৃদ্ধি হয়নি। অনেক সংগ্রাম করেছি, কুকুরের সাথে শুয়ে শুয়ে অনশন করেছি, মামলা খেয়েছি, জেল খেটেছি। এখন সেইসব স্মৃতি ভুলে সরকারের ৩২ বছরের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আমরা কমিটি বিলুপ্ত করে দিচ্ছি।
এক প্রশ্নের জবাবে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের এই আহ্বায়ক বলেন, যদি কেউ ভিন্ন নামে ৩২ কে অযৌক্তিক মনে করে তাহলে তারা আন্দোলন করতেই পারেন। তবে এতদিন যে ব্যানারে আন্দোলন চলেছে সেটির বিলুপ্তি ঘটাতে আজকে এই কার্যক্রম।