নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজ পরিবারের সদস্যরা গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। নিখোঁজ পরিবারের সদস্য নারী ও শিশুরা নিখোঁজদের ছবি হাতে নিয়ে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।
এতে করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও জাফর সাদিক চৌধুরী ঘটনাস্থলে এসে নিখোঁজদের স্বজনদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে নিখোঁজদের স্বজনরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সাথে সাক্ষাৎ করেন।
নিখোঁজদের স্বজনরা বলেন, গত ২৫ আগস্ট রাতে রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনার পর থেকে তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছে। চার মাস হয়ে এলেও তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় তারা মানবেতর জীবন যাপন করছে। প্রশাসনের লোকজন বলছে তারা বেঁচে নেই; কিন্তু তাদের লাশ কিংবা দেহাবশেষ কিছুই দিচ্ছে না। আমরা পরিবারের নিখোঁজদের সন্ধান চাই।
একজন স্বজন জানান, নিখোঁজদের মোবাইল ফোন নাম্বারে কল করা হলে তাদের ফোন বাজে; কিন্তু কেউ কল রিসিভ করছে না।



