বৈধপন্থায় পাঠালে রেমিট্যান্স তিনগুন বেড়ে দেশ সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: গোলাম সারোয়ার।
রোববার (১৪ মে) সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আনকাসা হোটেলে ন্যাশনাল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এনবিএল মানি ট্রান্সফার এসডি এন বিএইডি ও মালয়েশিয়ায় এনবিএল কিউপে রেমিট্যান্স পাঠানোর অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বৈধ পথে টাকা পাঠালে আপনার ছেলে-মেয়েরা ইয়াবাখোর হবে না। আপনারা অবৈধ পথে টাকা পাঠালে তা মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবসাকে উৎসাহিত করে। প্রবাসীরা বৈধপন্থায় দেশে টাকা পাঠালে রেমিট্যান্স বেড়ে তা তিনগুন হবে। তখন দেশ হবে সমৃদ্ধ। ফলে আপনি অবৈধ পথে টাকা পাঠালেন মানে দেশকে আপনি পিছিয়ে দিয়ে মাদক, অস্ত্র ব্যবসায়ী ও কালোবাজারিদের হাতকে শক্তিশালী করে এগিয়ে দিলেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশকে এগিয়ে নিতে আপনাদের সুবিধার জন্য মূলত আজকে অ্যাপটির উদ্বোধন করা হয়।
মালয়েশিয়া প্রবাসীরা আগামী ৩০ জুন পর্যন্ত বিনা খরচে এনবিএল কিউপে মোবাইল অ্যাপের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালক মো: মেহমুদ হোসাইন।
তিনি বলেন, সম্প্রতি লেনদেন ও পরিমাণ বিবেচনায় দেখা যাচ্ছে প্রায় ৬০ শতাংশ প্রবাসী হুন্ডি বা অবৈধ চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন।
বাংলাদেশীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়লে দেশের উন্নয়নে কাজে লাগবে। কাজেই আপনারা বৈধ চ্যানেলে টাকা পাঠান। সামান্য লাভের লোভে অবৈধ কোনো পন্থা অবলম্বন করবেন না।
জাফর ফিরোজের অনুষ্ঠান সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং এনবিএল মানি ট্রান্সফার এসডিএন, বিএইসডিয়ের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মো: মেহমুদ হোসাইন।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (লেবার) মো: নাজমুস সাদাত সেলিম, ফাস্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষ। ন্যাশনাল ব্যাংকের এসইভিপি মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান শেখ আকতার উদ্দীন আহমেদ, এনবিএল মানি ট্রান্সফার এসডিএন, বিএইসডির সিইও আলী হায়দার মোর্তুজা, দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের এমডি মোহাম্মদী খানম, এনবিএলের সিস্টেম এনালিস্ট মো: শামসুদ্দিন এনাম, বাংলাদেশ কমিউনিটির নেতা মকবুল হোসাইন, রাশেদ বাদল, নূর মোহাম্মদ ভুইয়া, মো: রেজাউল করিম ও মো: ইমাম হোসেন প্রমুখ।
এছাড়া এনবিএল মানি ট্রান্সফারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দু’শতাধিক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।



