ভিসির অনুপস্থিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জরুরি প্রশাসনিক ও অর্থিক দায়িত্ব পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৯ তারিখ শিক্ষা মন্ত্রালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপন অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছয় অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা রোববার মিটিং করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীনকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক তিনি।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো: শফিউল আলম বলেন, শিক্ষা মন্ত্রালয়ের উপসচিব জারিকৃত এক প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বের ব্যাপারে আমরা ডিন ও বিভাগীয় প্রধানরা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি বিশ্ববিদ্যালয়ের জেষ্ঠ্য ও একমাত্র অধ্যাপক ড. মুহসিন উদ্দীনকে দায়িত্ব দেয়ার জন্য।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, ‘প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে নিয়মিত ভিসির নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, ক্ষেত্র মতে বিভাগীয় চেয়ারম্যানদের সাথে আলোচনাক্রমে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দিয়ে সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পরামর্শ প্রদান করা হলো।