প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ঢাকা-ওয়াশিংটনের সাথে একটি শুল্ক-চুক্তি করতে আগ্রহী, যা দুই দেশের জন্যই একটি উইন-উইন (উভয়পক্ষের জন্য লাভজনক) সমাধান হবে বলে আশা করছি।
আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
প্রেস সচিব বলেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। তিনি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধি দলে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও।
সোমবার বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছে জানিয়ে তিনি বলেন, যেখানে বলা হয়েছে, ১ আগস্ট থেকে বাংলাদেশী পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এ পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিনিধিরা আমেরিকান কর্মকর্তাদের সাথে কয়েক দফা বৈঠক করেছেন।
আগামী ৯ জুলাই আরেকটি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দিন।






